গ্রামাঞ্চলে খেলাধুলার জন্য উন্মুক্ত বা অনাবাদি জমি না থাকা, টেলিভিশনের প্রতি কিশোরদের অধিক মনোযোগ, গণমাধ্যমে ক্রিকেট খেলার ব্যাপক প্রচার—প্রভৃতি কারণে গ্রামীণ খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। এ ছাড়া আকাশ সংস্কৃতি তো আছেই। একসময় গ্রামীণ জনপদে হাডুডু, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, লাটিম, ডাংগুলি, ফুটবল, ভলিবলসহ নানা খেলা হতো।
মাইকে ঘোষণা দিয়ে বিপুল আয়োজনের মধ্য দিয়ে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের তুমুল প্রতিযোগিতা হতো। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করত।
সব খেলা আয়োজনকে ঘিরে গ্রামে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হতো। এলাকার মানুষের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গ্রামীণ খেলাধুলা ছিল উপযুক্ত মাধ্যম। কিন্তু এখন সেই মাধ্যমটি বলতে গেলে একেবারেই হারিয়ে গেছে। গ্রামের স্কুল-কলেজের মাঠ, হাটবাজারের খোলা চত্বর কিংবা সমতল ফসলি ভূমি খেলাধুলার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো।
গ্রামে ফুটবল খেলার জন্য অনেক স্থানে খোলা ফসলি মাঠকে খেলার উপযোগী করে রাখার রেওয়াজও ছিল। শীতের সময় গ্রামে বিভিন্ন মেলা ও খেলাকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়ে যেত। দূরদূরান্ত থেকে মানুষ আসত। যাত্রাপালাও হতো।
কিন্তু এখন আর সেসব নেই। কালের আবর্তে আগ্রাসী বাণিজ্যের কবলে পড়ে হয়তো এসব গ্রামীণ খেলাও হারিয়ে যাচ্ছে বিস্তৃতির অতলে। তাই এসব খেলা টিকিয়ে রাখতে গ্রামীণ ক্রীড়া ফেডারেশন করা যেতে পারে।
মোস্তফা জাহাঙ্গীর আলম
সিরাজগঞ্জ।