শিক্ষা ও কৃষির আমূল পরিবর্তনসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলেই আমাদের দেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। কৃষিপ্রধান এ দেশের অর্থনীতির চালিকা শক্তি হলো কৃষি। এ দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত, যারা গ্রামে বাস করে। বিশাল এই জনগণের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে গ্রামীণ রাস্তাই প্রধান মাধ্যম। অথচ দেশের গ্রামীণ রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার ও বন্যার ফলে বেহাল অবস্থায় পতিত হয়েছে।
রাস্তা ও সেতু নির্মাণ বা সংস্কারের ২–১ বছরের মধ্যেই কোনো কোনো ক্ষেত্রে উদ্বোধনের আগেই ভেঙে যাচ্ছে। এমন চিত্র সবাইকে হতাশ করবে এটাই স্বাভাবিক। চলতি বছরের শুরু থেকেই বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে গ্রামের রাস্তাগুলো নষ্ট হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সরকারের চেষ্টা থাকা সত্ত্বেও কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তার উদাসীনতা বা অবৈধ টাকা উপার্জনের মোহের কারণে তা হয়ে উঠছে না। এই রাস্তা ভালোভাবে নির্মাণ করা হলে তা প্রতিবছর সংস্কারের প্রয়োজন পড়ত না। এতে অর্থনৈতিক কার্যক্রমও ত্বরান্বিত হতো। আশা করি পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে।
মো. মোশারফ হোসেন
রংপুর।