সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছুতে আনতে হবে প্রগতিশীল চিন্তাধারা। বর্তমানে আমরা প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, তার মধ্যে পরিবেশ বিপর্যয় অন্যতম। পরিবেশ সংরক্ষণে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। পরিবেশ সংরক্ষণে গাছপালার বিকল্প আজও কেউ উদ্ভাবন করতে সক্ষম হননি। রাজধানীর জনসংখ্যা ধারণক্ষমতার অতিরিক্ত হলেও গাছপালার পরিমাণ প্রয়োজনের তুলনায় একেবারেই কম।
অধিক সংখ্যক জনসংখ্যা থেকে নির্গত অধিক পরিমাণ কার্বন ডাই-অক্সাইড আর গাছপালা থেকে উৎপাদিত সীমাবদ্ধ অক্সিজেন পরিবেশে প্রতিনিয়ত ভারসাম্যহীনতার সৃষ্টি করছে। এই ভারসাম্যহীনতা আমাদের প্রকৃতি এবং জনজীবনের জন্য অচিরেই মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো রাজধানী ঢাকাকে গ্রিন সিটিতে পরিণত করার উদ্যোগ নিতে হবে।
প্রতিটি বাড়ির ছাদে, পথে-ঘাটে ফাঁকা জায়গাতে এবং ক্ষুদ্র বনভূমির জন্য নির্ধারিত জায়গাতে পর্যাপ্ত গাছ লাগাতে হবে। তবে সরকারিভাবে যদি প্রকল্প হাতে নেওয়া হয়, তাহলে বিষয়টি অনেক সহজ হবে। সে ক্ষেত্রে মাঝেমধ্যে বৃক্ষমেলার আয়োজন করে বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করা যেতে পারে। এতে বৃক্ষ প্রাপ্তিও সহজলভ্য হবে। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যাঁরা অবদান রাখবেন, তাঁদের সরকারিভাবে পুরস্কৃত করার ব্যবস্থা গ্রহণ করা হলে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
মাসুমা রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়।