ঘেরের কবলে আমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ধুলিহরর ইউনিয়নের আন্ধারমানিক বিলে গতবার আমন ধান কাটার মুখে অতিবৃষ্টির কারণে উৎপাদিত ধান নষ্ট হয়ে চাষিরা ঋণগ্রস্ত হয়ে পড়েন। একদিকে বৃষ্টির পানি জমিতে নালা কেটে নদীতে নিষ্কাশনের যে ব্যবস্থা এ পর্যন্ত ছিল তার পথ রুদ্ধ করে দিয়েছেন বেতনা নদীর পাড় ঘেঁষে সৃষ্ট নব্য ঘেরমালিকেরা। অন্যদিকে এ নদীর নাব্যতা অস্বাভাবিক কমে যাওয়ায় খালে পলি জমে স্লুইসগেট প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জোয়ার–ভাটার কোনো প্রভাব টের পাওয়া যায় না।
লোনাপানি ঘেরমালিকেরা পাইপ ও মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করে তাঁদের ঘেরের মধ্যে ঢুকিয়ে মাছ চাষ করেন। ঘেরমালিকেরা বলছেন পলি জমে স্লুইসগেট বন্ধ হওয়ায় পানিনিষ্কাশন হচ্ছে না, চাষিরা বলছেন ঘেরমালিকদের কারণে পানিনিষ্কাশন হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। অর্থাৎ নিষ্কা নদী খনন করে পলিমুক্ত করা ও ফসিল জমিতে জমা বৃষ্টির পানি নালা কেটে খালে ফেলার দাবি অধরাই থেকে যাচ্ছে।
বৃষ্টির পানি রুদ্ধ হওয়ায় ফসলি জমিগুলো চাষের উপযোগী করে ফসল বুনতে এখন ঘেরমালিকদের কৃপার ওপর নির্ভর করছেন চাষিরা। এ ব্যাপারে ঘেরমালিকেরা কোনো ছাড় দিতে নারাজ। অথচ চািষরা আমন ও ইরি ফসলের ওপর নির্ভরশীল।
অভিযোগ আছে, এই নব্য ঘেরমালিকেরা স্থানীয় প্রশাসন ও দলীয় লোকদের যোগসাজশে তাঁদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রকারান্তরে তাঁরা খেটে খাওয়া চাষিদের রুটি–রোজগারে হাত দিয়েছেন। বিক্ষুব্ধ চািষরা এবার তাঁদের আমন ফসল চাষ ও রক্ষার্থে ঘেরমালিকদের সঙ্গে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন, যা সংঘর্ষে রূপ নিতে পারে।
কৃষিজমি চাষ করে অনেক কৃষকের জীবিকা নির্বাহ হয়। অথচ ঘের করে গুটি কয়েকের পকেট ভারী হচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই ফসিল জমি আর থাকবে না। একদিকে লোনাপানির আগ্রাসনে কৃষি উৎপাদন কমতে শুরু করেছে, হাঁস-মুরগি, গরু-ছাগলের খাবারের অভাব দেখা দিয়েছে। এর পরও চলছে নদী দখল ও ভরাটের মহোৎসব।
এখনই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
মান্নান গাজী
সুপারিঘাট, ধুলিহর, সাতক্ষীরা।