বাংলাদেশ সরকার দেশের যোগাযোগ ব্যবস্থাপনায় প্রভূত উন্নতি সাধন করে চলেছে। দেশের বিভাগীয় শহরগুলোতে যোগাযোগের ক্ষেত্রে সড়ক ও রেলপথ ছাড়াও আকাশপথে যাতায়াতের সুবিধা করা হয়েছে। এটা প্রশংসনীয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে চার লেনের কাজ চলছে। যদিও বেহাল অবস্থায় এখন ছয় ঘণ্টার ভ্রমণে ১২–১৬ ঘণ্টা লেগে যাচ্ছে। একদিন এর সমাধা হবে। রেলপথের অবস্থা সবার জানা। টিকিট পাওয়া সোনার হরিণ।
সবকিছু বিবেচনা করে দেখা যায় বর্তমানে আকাশপথে চলাচলের সুবিধার্থে বাংলাদেশ বিমান এয়ারলাইনস ছাড়াও রিজেন্ট এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, নভোএয়ার ইত্যাদি সংস্থা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কক্সবাজার ইত্যাদি রুটে উড়োজাহাজ পরিচালনা করছে। চট্টগ্রামে বসবাসরত অনেক ব্যবসায়ী ও চাকরিজীবী আছেন, যাঁরা চট্টগ্রাম-সিলেট যাতায়াত করেন। কিন্তু ট্রেনের টিকিট পাওয়া এবং বাসভ্রমণ অসুবিধা হেতু বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তাই অন্যান্য রুটের মতো সপ্তাহে অন্তত দুটি ফ্লাইট চট্টগ্রাম-সিলেট রুটে চালু করার সম্ভাব্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ এয়ারলাইনস কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।
মো. ছাকী হোসেন, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।