চরাঞ্চলের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। সে জন্য শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে  দিতে বাংলাদেশ সরকার দেশের ৮৫  হাজার গ্রামের প্রায় প্রতিটি গ্রামে গড়ে তুলেছে একটি করে প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে সকাল থেকে বিকেল  পর্যন্ত নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম      চালানো হয়।

তবে পরিতাপের বিষয়, দেশের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে  ছাত্রছাত্রীদের শিক্ষাদান কার্যক্রমে কিছুটা তারতম্য দেখা যায়। কেননা, সকাল    ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর বিধান থাকলেও বেলা একটার পর এসব বিদ্যালয় খোলা পাওয়া যায় না। এসব বিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও অবহেলার বহিঃপ্রকাশ দেখা যায়। ফলে পঞ্চম শ্রেণিতে পড়া সত্ত্বেও কোনো কোনো ছাত্রছাত্রী বাংলা পর্যন্ত পড়তে পারে না। পরীক্ষার ফি, উপবৃত্তির টাকা ইত্যাদি নিয়ে চলে পাঁয়তারা।

যারা নিজেদের নাম লিখতে জানে না, তারাও এসব বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য হন। তাই চরাঞ্চলের এসব বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মানিক উল্লাহ

সিরাজগঞ্জ।