তিস্তা নদী ভারত থেকে উৎপত্তি হয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর পেরিয়ে গাইবান্ধার যমুনা নদীতে মিলিত হয়েছে। প্রতিবছর তিস্তা নদীর অব্যাহত ভাঙনের ফলে শত শত একর জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। একদিকে নদীর ভাঙন চলছে, অন্যদিকে জেগে উঠছে অসংখ্য চর। চরগুলো বেশির ভাগ বেলে-দোআঁশ মাটিতে গঠিত।
এ মাটিতে বেশি পলি থাকায় জমির উর্বরতা শক্তি অনেক বেশি। এসব চরে পেঁয়াজ, কাঁচা মরিচ ও বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, যা খাদ্য নিরাপত্তায় যথেষ্ট ভূমিকা রাখবে। বর্তমানে জেগে ওঠা চরগুলোতে স্থানীয় কৃষকেরা ভুট্টা চাষ করছেন। ইতিপূর্বে চরের জমিতে ভুট্টার চাষ করে অনেক কৃষক লাভবান হয়েছেন। প্রতিবছর বিদেশ থেকে ভুট্টা, মরিচ ও পেঁয়াজ আমদানি করা হয়। এসব পণ্য বিদেশ থেকে আমদানির বদলে তিস্তার চরাঞ্চলে পেঁয়াজ, মরিচ, বাদাম ও ভুট্টার চাষ বাড়াতে পারলে অনেক ফলন উত্তোলন করা সম্ভব।
তিস্তায় জেগে ওঠা চরকে কাজে লাগাতে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতা করা প্রয়োজন। উল্লিখিত ফসলগুলো তিস্তার চরে চাষ করা
হলে সবুজ ফসলের বিপ্লব ঘটবে, ঘাটতি িমটবে পেঁয়াজ, মরিচ, বাদাম ও ভুট্টার।
মকবুল হোসেন
মাহিগঞ্জ, রংপুর।