মেয়েরা সমাজের প্রতিটি স্তরে অবহেলিত হয়, নির্যাতিত হয়, নানা ধরনের বঞ্চনার শিকার হয়। মেয়েরা কেন নিজেদের ছোট মনে করে হীনম্মন্যতায় ভুগবে? মেয়েদের মেধা ও বুদ্ধি রয়েছে, তারা তাদের মেধা ও বুদ্ধির বিকাশ ঘটিয়ে যেকোনো কাজে সফলতা অর্জন করতে সক্ষম—এটা তাদের উপলব্ধি করতে হবে। বর্তমান যুগেও আমাদের সমাজের কিছু কিছু মেয়ে নিজেদের পুরুষের অধীন মনে করে।
তারা মনে করে এটাই স্ত্রী জাতির চরম সার্থকতা।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন, রন্ধনশিল্পে পটু এবং দু-চারটে উপন্যাস পড়তে পারাটাই একটা মেয়ের জন্য যথেষ্ট নয়। আমাদের দেশের অনেক মেয়েই নিজেদের অবস্থান সম্পর্কে অজ্ঞাত, তারাও যে তাদের বুদ্ধির বিকাশ ঘটিয়ে সমাজের গুরুত্বপূর্ণ আসন অলংকৃত করতে পারে, এটা তারা উপলব্ধি করতে পারে না বা চায় না। আর যারা চায়, তারাও তার সঠিক বাস্তবায়ন করতে পারে না। ভয়, লজ্জা, হতাশা ও পিছুটান তাদের উন্নতির চরম শিখরে পৌঁছার অন্তরায়।
আমি মনে করি অদম্য ইচ্ছা, আত্মবিশ্বাস আর পরিশ্রম করার মানসিকতা থাকলেই যেকোনো মেয়ে তার অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। জীবনের প্রয়োজনে হয়তো স্বামী-সন্তান-সংসার সব হবে, কিন্তু একটা মেয়ের প্রধান লক্ষ্য হবে তার নিজের অবস্থান সুদৃঢ় করা। নারী মানুষ হয়ে উঠুক, মানুষের সম্মান ও মর্যাদা ছিনিয়ে নিয়ে আসুক, এটাই আমাদের কাম্য।
রুনা লায়লা
ব্রাহ্মণবাড়িয়া।