চা-বাগানের আড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চা-বাগান গোটা বাংলাদেশে সমাদৃত। হবিগঞ্জ-মৌলভীবাজার দিয়ে সিলেটে প্রবেশের পথে সবুজ গালিচার মতো বিছানো চা-বাগানের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যেতে বাধ্য। প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ গালিচার এই অপার নিদর্শন আমাদের সিলেট।
তবে সাম্প্রতিক কালে কিছু কিছু চা-বাগানের পরিবেশ রাত নামলেই বদলে যেতে শুরু করে। রাত যত গভীর হয়, এসব জায়গা নেশাখোর যুবকদের জন্য ততই অভয়ারণ্য হয়ে ওঠে। ইদানীং চা-বাগানের নিরিবিলিতে ভ্রমণ করতে যাওয়া পর্যটকেরা প্রায়ই ছিনতাই-চাঁদাবাজির সম্মুখীন হচ্ছেন। এ রকম অনেক অনৈতিক কর্মকাণ্ডের জন্য উঠতি বয়সী বিপথগামী যুবকেরা এসব চা-বাগানকেই টার্গেট করছেন।
তা ছাড়া, ফলের খোসা, কাগজ-পলিথিন-প্লাস্টিকের মোড়ক, বিবিধ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে চা-বাগানের পরিবেশের পরিচ্ছন্নতা বিঘ্নিত করার দায় পর্যটকদেরও নিতে হবে। আমাদের বিবেচনায় রাখতে হবে, বিদেশি পর্যটকেরা এসব পরিস্থিতির সম্মুখীন হলে বিশ্বজুড়ে সিলেটের চা-বাগানের যে সুখ্যাতি, নিঃসন্দেহে তাতে কালিমা পড়বে। তাই অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আসফার রাহাত, সিলেট।