চা-শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে মিডিয়া বা সরকারের আচরণ দেখে অবাক হতে হয়। ভারত থেকে আসা হাতিটিকে নিয়ে মিডিয়া যেমন প্রাধান্য দিয়ে খবর ছাপল বা টিভিতে যে রকম প্রচার-প্রচারণা হলো, তার বিন্দুমাত্র প্রচারণাও যদি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগানের অসহায়, নিপীড়িত ৭০০ পরিবারের মানবেতর জীবনের কথা প্রচারিত হতো, তবে আজ অর্ধাহারে, রোগাক্রান্ত হয়ে, অনাহারে বা বিনা চিকিৎসায় সাতজন শ্রমিক ও কর্মচারীর মৃত্যু জাতিকে দেখতে হতো না।
গত চার মাস ওই বাগানের শ্রমিকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। তাঁরা কতটা অসহায়, তা সহজেই বোধগম্য। অথচ খবরের কাগজ বা টিভি চ্যানেলকে দেখলাম না এই অসহায় মানুষগুলোর খবর প্রকাশ করতে। এই চা-শ্রমিকদের মানবেতর জীবনকাহিনি মোটামুটি সবার জানা। অথচ আমরা জেনেও না জানার ভান করে আছি। গত চার মাস তাঁরা ন্যূনতম মজুরিও পাননি।
কথা হচ্ছে হাতির সঙ্গে এই মানুষগুলোর জীবনের তুলনা টানব না, কে বেশি গুরুত্বপূর্ণ সে কথা বলব না। কিন্তু এই অসহায় চা-শ্রমিকেরা কীভাবে বাঁচবেন বা কবে ন্যায্য মজুরি পাবেন—তার উত্তর কে দেবে? ভুলে গেলে চলবে না, তাঁরাও বাংলাদেশের নাগরিক। তাঁদের শ্রম শোষণ বন্ধে সবার সোচ্চার হওয়া উচিত।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।