শ্রীলঙ্কায় চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬৫০ রুপি, নেপালে ৪৫০ রুপি। অথচ আমাদের দেশে চা-শ্রমিকদের মজুরি মাত্র ৬৯ টাকা। এটা কি গ্রহণযোগ্য? সরকার ২০০৯ সালে ১২০ টাকা মজুরি হবে বলে ঘোষণা করেছিল। সে সময় মজুরি ছিল ৪৮ টাকা। সরকার চা-শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা পথ বের করতে পারত।
চা-শ্রমিকদের যেখানে এ অবস্থা, সেখানে কোন যুক্তিতে চা আমদানির শুল্ক ৪০-১৫ শতাংশ কমানো হলো? মালিকপক্ষ চা-শ্রমিকদের বর্তমান অবস্থার কথা চিন্তা করে মজুরি বাড়াতে পারত, এতে তাদেরই মঙ্গল হতো। কেননা, চায়ের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকদের জীবনমান বাড়ানো খুব দরকার।
নিরীহ-নিরক্ষর এই শ্রমিকেরা চা-বাগানের বাইরের দুনিয়া সম্পর্কে ভীত। তাই তারা নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন তোলে না। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খালি পায়ে, জোঁক, মশা, সাপসহ বিষধর পোকা-মাকড়ের কামড় খেয়ে দৈনিক মাত্র ৬৯ টাকার বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আর চা-শ্রমিকদের এই দুর্বলতার সুযোগটি কাজে লাগাচ্ছে মালিকপক্ষ ও বিভিন্ন মহল। চা-শ্রমিকদের মজুরি ৬৯ টাকা থেকে বৃদ্ধি করে কমপক্ষে ২৫০ টাকা করতে হবে। চায়ের পড়তি বাজার চাঙা করতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে।
মোহন রবিদাস
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।