চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং গাজীপুর শহরে রিকশায় চলছে ডিজিটাল চাঁদাবাজি। রাত পোহালেই শহরের প্রতিটি মোড়ে কতিপয় যুবক কেউ লাল টোকেন, কেউবা নীল টোকেন কেউ আবার হলুদ টোকেন নিয়ে চাঁদা ওঠাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রকারভেদে টোকেনপ্রতি দিতে হয় ১০ থেকে ২০ টাকা।
অসহায় গরিব মানুষের পায়ে চালানো পরিশ্রম করা বাহনে এ আবার কিসের চাঁদা? জানতে চাইলে প্রায় সব রিকশাওয়ালার একই উত্তর: এ হচ্ছে আওয়ামী লীগের ডিজিটাল চাঁদা। না দিয়েও কোনো উপায় নেই। রিকশা আটকে রাখা, সিট নিয়ে যাওয়া, মারধর করাসহ নানা রকমের হয়রানি করা হয়।
প্রতিটি রিকশা থেকে প্রতিদিন মালিক সমিতি, শ্রমিক সমিতি, কল্যাণ সমিতি, যানজট নিরসন কমিটির নামে এই চাঁদা ওঠানো হয়। অথচ এসব সমিতি কমিটি দিয়ে রিকশাওয়ালাদের আদৌ কোনো উপকার হয়েছে কি না, তার কোনো নজির নেই। একজন টোকেনম্যানকে জিজ্ঞাসা করলে জানা যায় এই চাঁদার শিকড় কত বিস্তৃত। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বখাটেরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে প্রতিদিন রিকশাপ্রতি ৪০-৫০ টাকা করে চাঁদা ওঠাচ্ছে।
এর কি প্রতিকার নেই?
মো. জাহাঙ্গীর, গাজীপুর।