একটু সচেতনতা ও মনোযোগের অভাবে সন্তান হয়ে উঠতে পারে পরিবারের এমনকি সমাজের জন্য হুমকিস্বরূপ। মা-বাবা উভয়ই বাইরে কাজ করার ফলে সন্তানদের প্রতি তেমন সচেতন বা মনোযোগী হয়ে উঠতে পারে না। ফলে সন্তানেরা সহজেই অন্ধকার জগতে পা বাড়ানোর হাতছানিতে সাড়া দিতে পারে। নেশায় আসক্ত হতে পারে। সন্তানেরা কার সঙ্গে মিশছে, কী করছে আমরা ব্যস্ত মা-বাবারা সে খবর নেওয়ার সময় পাই না। ফলে তারা খারাপ সঙ্গ পেয়ে নিজেদের অন্ধকার জগতে নিয়ে যায়।
এরপর আর ফেরানোর পথ থাকে না। এদের দ্বারা নানা অপরাধ ঘটে। কিশোর অপরাধের হার বাড়ার দায় শুধু সরকারের নয়, আমাদের অভিভাবকদেরও। আমরা সন্তানের জন্য রোজগার করি, অথচ সেই সন্তানের মনমানসিকতা, সঠিক পরিচর্যার ব্যাপারে উদাসীন থাকি।
তাই আসুন সন্তানদের প্রতি সচেতন হই, তাদের ভালোবাসায় মানুষ করি, তবেই তারা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবে। আর সমাজটা হয়ে উঠবে বসবাসের যোগ্য।
সিদ্দিকা ফেরদৌস
সহকারী অধ্যাপক, গাইবান্ধা।