চাই বিকেন্দ্রীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়া প্রায় সব সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষাই ঢাকায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিসিএসের ভাইভা টেস্টও ঢাকায় অনুষ্ঠিত হয়। একটি সুন্দর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বৃহস্পতিবার এ দেশের রেলস্টেশন ও বাস টার্মিনালে ভিড় জমান হাজারো তরুণ। তাঁদের গন্তব্যস্থল ঢাকা। কারণ, এ দেশে ঝাড়ুদার নিয়োগ পরীক্ষাও ঢাকায় অনুষ্ঠিত হয়। স্বপ্ন দেখা এই তরুণদের কেউ বা প্রিলিমিনারি, কেউ রিটেন বা কেউ ভাইভা পরীক্ষা দেবেন। কারও এটি প্রথম অথবা কারও জীবনের শেষ পরীক্ষা।
পথে অনেক ভোগান্তির শিকার হয়ে চাকরি নামের সোনার হরিণকে ধরতে অবশেষে তাঁরা পৌঁছান ঢাকা শহরে। পৌঁছার পর তাঁরা কোথায় রাতযাপন করবেন, তা নিয়ে দেখা দেয় নতুন সমস্যা। কেউবা ঠাঁই পান আত্মীয়ের বাসায় বা বন্ধুর মেসে বা হলে। যাঁদের সেই ব্যবস্থা নেই, তাঁরা রাত কাটান হোটেলে। কেউ কেউ ভ্রমণে নির্ঘুম রাত কাটিয়ে যান্ত্রিক নগরী ঢাকা পৌঁছান পরীক্ষার ঠিক আগ মুহূর্তে। কেন্দ্র খুঁজে বের করতে অনেকের নির্ধারিত সময়ের কিছুটা চলে যায়। অনেকে আবার পরীক্ষাও দিতে পারেন না।
পরীক্ষার পর এই তরুণেরা শত কষ্ট স্বীকার করে বুকভরা আশা নিয়ে পাড়ি জমান যাঁর যাঁর ঠিকানায়। বাস্তবতার নিরিখে খুব অল্পসংখ্যক তরুণই সফল হন। কথা হচ্ছে, এসব পরীক্ষা ঢাকায় নেওয়ার কী দরকার? বিভিন্ন বিভাগীয় ও বড় শহরে এই পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের এত ঝামেলা পোহাতে হয় না।
কয়েছ আহমদ, সিলেট।