আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ৩৩তম বিসিএসে ২ লাখ ৭৩ হাজার জনের মধ্যে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হয়। দুঃখের বিষয়, সে ক্যাডার বা নন–ক্যাডারে চাকরি পায়নি। ৩৪তম বিসিএসেও সে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়। অথচ প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, এই মুহূর্তে নন–ক্যাডার প্রথম শ্রেণির ৩৯ হাজার ৫৬৪টি এবং দ্বিতীয় শ্রেণির ৩০ হাজার ৪২২টি পদ শূন্য রয়েছে। একদিকে পদ শূন্য, অন্যদিকে বিসিএসে দু–দুবার উত্তীর্ণ হয়ে চাকরি না পেয়ে আমার সন্তান আজ চরম হতাশাগ্রস্ত।
এ অবস্থায় জঙ্গিরা যদি আমার সন্তানের মগজধোলাই করে ওদের পথে নিয়ে যায়, তাহলে তার দায় নেবে কে? যে কিনা এসএসসি থেকে এমএসসি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে দু–দুবার বিসিএস উত্তীর্ণ হয়েছে, সে কেন যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকরি পায় না। এই দায় কার? যে আমি বেসরকারি চাকরি করে তিলে তিলে ছেলেকে গড়ে তুলেছি, সেই আমি? নাকি পিএসসি, নাকি সরকার? কে নেবে এর দায়?
আব্দুস সোবহান, ঢাকা।