বর্তমানে আমাদের দেশের ‘মানুষের শিক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধির ফলে দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পাসের হার প্রতিবছর বৃদ্ধি হচ্ছে। তাই শিক্ষার্থীরা কঠিন ভর্তি-যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কিন্তু আমাদের দেশের ছাত্ররাজনীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, ধর্মঘটসহ নানা কারণে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতার অভাবে শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল পেতে নির্দিষ্ট কোর্সের প্রায় দ্বিগুণ সময় লেগে যায়। তখন তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য চাকরির পিছে ছুটতে থাকে।
কিন্তু তখন তারা চাকরির বয়সের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তাই একটি ভালো চাকরির প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায় না। তখন তারা দীর্ঘ শিক্ষাজীবন পার করে অবশেষে বেকারত্ব নামক অভিশপ্ত জীবনে পতিত হয়। আবার অনেকের ভালো প্রস্তুতি থাকলেও কোটা পদ্ধতি, প্রশ্নপত্র ফাঁস, স্বজনপ্রীতিসহ নানা দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে না।
তাই বর্তমানে দেশের বেকারত্বের হার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন ইকোনমিস্ট পত্রিকার ইনটেলিজেন্স ইউনিট দেখিয়েছে যে বাংলাদেশে স্নাতকদের ৪৭ শতাংশই বেকার, আবার অর্থনীতিবিদদের একাংশ এর হার বেশি হতে পারে বলে ধারণা করেছেন।
কিন্তু সরকার চাকরিজীবীদের অবসরের সময় দুই বছর বৃদ্ধি অনেকটা প্রশংসনীয় উদ্যোগ হলেও পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করলে ভারসাম্য রক্ষার পাশাপাশি এই বিশাল বেকারত্বের ওপর কিছুটা চাপ কম পড়বে। তাই অর্থনৈতিক উন্নয়নে তাদের অংশীদারি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ কামনা করছি।
শামসুন নাহার
কোনাপাড়া, ডেমরা, ঢাকা।