চাকরিতে প্রবেশের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩১ মে ৩০ বছর ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়স নির্ধারণে সুনির্দিষ্ট তারিখের কোনো নিয়ম নেই।
সরকারি কোনো কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখে বয়স নির্ধারণ করা হয়। প্রতিরক্ষা বিভাগের নিয়োগে আবেদনের শেষ তারিখে নয়, বরং আবেদনের কয়েক মাস পরের প্রশিক্ষণ শুরুর তারিখে বয়স নির্ধারণ করা হয়। ৩৬তম বিসিএসে ৩১ মের ভিত্তিতে বয়স নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে বলে অনেকেই আবেদন করতে পারবে না।
সম্প্রতি (জুনে) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর বিভিন্ন পদে এবং বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স ৬ মাস পেছনের তারিখ ১ জানুয়ারি ২০১৫ নির্ধারণ করা হয়েছে।
এটি আরও একটি ভালো সিদ্ধান্ত। কারণ, এতে অল্প কয়েক দিনের জন্য বাদ পড়া অনেক প্রার্থীই আবেদনের সুযোগ পাবে।
নানা কারণে দীর্ঘ সময় নিয়োগ বন্ধ থাকে। আবার সময়মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা যায় না। ফলে দুর্ভাগ্যজনকভাবে অনেক চাকরিপ্রার্থীরই বয়স পেরিয়ে যায়।
এই বিবেচনায় রাকাব ও পুলিশের সিদ্ধান্তটি একটি শুভ ও সময়োচিত পদক্ষেপ।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৩৬তম বিসিএসে আবেদনের বয়স ১ জানুয়ারি, ২০১৫ কিংবা ১ মার্চ, ২০১৫ পুনর্নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
এতে যেহেতু কোনো জটিলতা বা কারও ক্ষতির আশঙ্কা নেই, সেহেতু এটা করা যেতেই পারে।
রেজাউল করিম, টাঙ্গাইল।