চাকরির পরীক্ষাতেও বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজটসহ নানা রকম উপকরণগত সমস্যার মধ্য দিয়ে শিক্ষাজীবন সম্পন্ন করেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরির তীব্র প্রতিযোগিতায় ভালোভাবেই উত্তীর্ণ হচ্ছেন। বিসিএস, শিক্ষক নিবন্ধনসহ প্রজাতন্ত্রের বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফলেই যার প্রমাণ পাওয়া যায়।
সমান শিক্ষাগত যোগ্যতা অর্জনকারীদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীই নিয়োগ লাভের সুযোগ পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় সরকারি এ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘জাতীয়’ শব্দটি থাকা সত্ত্বেও এর শিক্ষার্থীরা চাকরির বাজারে বিভিন্ন অপরিণামদর্শী প্রতিষ্ঠান কর্তৃক নীরব বৈষ্যমের শিকার হচ্ছে; যা একই সঙ্গে সংবিধান লঙ্ঘন এবং অন্যায়।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে লক্ষ করা যায়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতিরেকে’—এমন অন্যায় শব্দগুচ্ছ ব্যবহার করা হচ্ছে, যা লাখÿ লাখ পরিবারের স্বপ্নকে মুহূর্তে ধুলায় মিশিয়ে দিতে পারে।
আমার প্রশ্ন হচ্ছে, যদি শিক্ষার্থীরা বোকা বা অযোগ্য হন, সেটা তো পরীক্ষায় দেখা যাবে। আর বিসিএস পরীক্ষার সম্মিলিত মেধাতালিকায় যখন কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম হন, তখন তাঁকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
‘মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন’—সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের এই বিধান মোতাবেক উল্লিখিত বৈষম্য বিলোপে যথার্থ বিধি প্রণয়নসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু ছালেহ মো. আবদুল্লাহ, চাঁদপুর।