সাধারণত বেকার বলতে আমরা বুঝি তঁাদের, যাঁরা যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পান না। আবার অনেকেই কাজ পেলেও সেটা তাঁর যোগ্যতার তুলনায় অনেক নিম্নমানের হওয়ায় সেসব কাজে যোগ দেন না। উচ্চশিক্ষা নিয়ে সরকারি চাকরির আশায় অনেকেই বেসরকারি কাজ করেন না।
আন্তর্জাতিক শ্রম সংগঠনের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় তিন কোটি। এসব বেকার যুবক যোগ্যতা ও কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও কাজে যোগদান করতে পারছেন না। কিন্তু বর্তমানে শিক্ষিত বেকারদের চাকরি পেতে অন্যতম বাধা হচ্ছে আবেদন ফি। কোনো সরকারি অথবা বেসরকারি চাকরিতে আবেদন করতে ৫০০ টাকার বেশি খরচ করতে হয়। এ ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া পর্যন্ত সব মিলিয়ে খরচ দাঁড়ায় হাজার টাকার ওপরে, যা জোগাড় করা একজন বেকারের জন্য খুবই কষ্টকর।
একজন সাধারণ পরিবারের মেধাবী যুবক যে কি না কোনোমতে টিউশনি আর পরিবার থেকে পাওয়া সামান্য টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালান, তাঁর পক্ষে চাকরির আবেদনের এই ফি দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেকেই টাকার অভাবে আবেদন করতে পারেন না। যার ফলে গুরুত্বপূর্ণ পদে অনেক পয়সাওয়ালা অযোগ্যরা সুযোগ পান।
সরকার শিক্ষা খাতে প্রতিবছর ব্যয় বাড়াচ্ছে। এবারের বাজেটেও শিক্ষা খাতের জন্য ১৫ দশমিক ৫৩ শতাংশ বরাদ্দ করা হয়েছে, এটা ভালো। কিন্তু তাকে এসব বিষয়েও নজর দিতে হবে।
মো. নিজাম উদ্দিন
শিক্ষার্থী, মৌলভীবাজার।