নোয়াখালী জেলার প্রধান সড়ক অর্থাৎ নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-ফেনী জাতীয় সড়কের নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট থেকে নোয়াখালী শহর ও মাইজদীকোর্ট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক অংশটি চার লেনে উন্নীতকরণ একান্তই জরুরি হয়ে পড়েছে। এই চৌমুহনী চৌরাস্তা, মাইজদীকোর্ট চত্বর, ডিসি চত্বর হয়েই বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন সুবর্ণচর, হাতিয়া, নিঝুমদ্বীপ, রামগতি, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল অঞ্চলে যাতায়াত করে। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল আগের তুলনায় অনেক গুণ বেড়েছে।
আর মংলা বন্দর, খুলনা থেকে এখন অনেক বাস-ট্রাক চট্টগ্রাম বন্দরে যাতায়াতের জন্য চৌমুহনী চৌরাস্তা ও ফেনী-নোয়াখালী মহাসড়ক ব্যবহার করে। এতে এই সড়ক চার লেনে উন্নীত করা সময়ের দাবি হয়ে উঠেছে।
এক বছর ধরে গাবুয়া থেকে মাইজদীকোর্ট পয়েন্ট ও নোয়াখালী শহর পর্যন্ত নতুন ড্রেন নির্মাণ হওয়ায় বর্তমানে চার লেন সড়ক নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গাও আছে। বর্তমানে এই মাইজদী-চৌরাস্তা সড়কের দুই পাশে বড় বড় ভবন কিংবা স্থাপনা নির্মাণের আগেই এই সোনাপুর-মাইজদী-চৌরাস্তা সড়ক চার লেনে উন্নীত করা হলে জনসাধারণের কোনো ধরনের ক্ষতি হবে না বললেই চলে।
এ অবস্থায় শিগগির বর্তমান অর্থবছরে ওই সোনাপুর-মাইজদী-চৌরাস্তা সড়ক চার লেনে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুল্লাহ আল মাহমুদ
নোয়াখালী।