চারু ও কারুকলার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারু ও কারুকলা একটি বিশেষায়িত শিক্ষা। অন্যান্য বিষয়ের মতো এ বিষয়ে পড়াশোনার সুযোগ খুব একটা বিস্তৃত নয়। তাই প্রতিবছর এ বিষয়ে শিক্ষিত প্রয়োজনীয়সংখ্যক জনশক্তি তৈরি হচ্ছে না। ফলে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকটের এই করুণ চিত্র। 
বর্তমানে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কিছুসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই বিষয়টি পড়ানো হয়। কিন্তু দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক ও ততোধিক প্রাথমিক বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক প্রয়োজন। এই সীমিত শিক্ষার সুযোগ দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, এ চাহিদা পূরণ সম্ভব নয়। কিন্তু কিছু বিকল্প শিক্ষার ব্যবস্থা করা গেলে সহজেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব।
মাধ্যমিক পর্যায়ে কোনো বিষয়ে শিক্ষক হওয়ার যোগ্যতা হিসেবে দেখা হয় ওই বিষয়ে ৩০০ নম্বরসহ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি। এখানে সম্মান ডিগ্রি বাধ্যতামূলক নয়। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ের শিক্ষার্থীদের সাবসিডিয়ারি হিসেবে চারু ও কারুকলা পড়ার সুযোগ আছে। অনুরূপ সুযোগ দেশের বড় সরকারি কলেজগুলোতে দেওয়া হলে এই সংকট কিছুটা কমবে।
প্রতিটি সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে চারু ও কারুকলা বিভাগ আছে। এখানে বিষয়টি পড়ানোও হয়। কিন্তু বিষয়টি ঐচ্ছিক বলে অধিকাংশ শিক্ষার্থী বিষয়টি গুরুত্বসহকারে পড়েন না। বিএডে বিষয়টি নৈর্বাচনিক করা গেলে এই বিষয়ে প্রশিক্ষিত শিক্ষকেরা স্কুলে চারু ও কারুকলা বিষয়টি পড়াতে পারবেন। এতে শিক্ষকসংকট লাঘব হবে।
এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ের ওপর সার্টিফিকেট কোর্স চালু করতে পারে। এ কোর্সে বিদ্যালয়ে ওই বিষয় পাঠদানের জন্য আবশ্যকীয় দক্ষতাগুলোই কেবল থাকবে। বিষয়টি ভেবে দেখার জন্য আহ্বান জানাচ্ছি।
জয়দীপ দে
সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, চট্টগ্রাম।