১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরা রাজ্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার্থে ডা. রথিন দত্তের উদ্যোগে গঠিত হয় ভারত-বাংলাদেশ যৌথ জরুরি মেডিকেল টিম। ওই মেডিকেল টিমের অনেকেই ছিলেন বাংলাদেশ থেকে আসা শরণার্থী, যাঁরা ওই সময়ে বিভিন্ন প্যারামেডিকেল ও নার্সিং কোর্সে অধ্যয়নরত ছিলেন।
মুক্তিযুদ্ধের পুরোটা সময় এই টিম ২ ও ৩ নম্বর সেক্টরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিবিড় পরিচর্যা দিয়েছে, তাদের অনুপ্রাণিত করেছে। ১৯৭১ সালে পত্রলেখক প্যারামেডিকেলের ছাত্র থাকা অবস্থায় ত্রিপুরায় ওই মেডিকেল টিমে যুক্ত হয়ে যুদ্ধের পুরোটা সময়
সেখানেই ছিলেন।
দেশ স্বাধীন হয়েছে আজ ৪৪ বছর। সরকারি চাকরি শেষ করে অবসর নিয়েছি প্রায় এক যুগ হতে চলল। কিন্তু ৪৪ বছরেও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ এবং সঠিক তালিকা প্রণয়ন না করায় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার স্বপ্নটা থেকেই গেল। আমার মতো আরও অনেকেই, যাঁরা সেই মেডিকেল টিমে অর্ধাহারে, অনাহারে থেকে হাসিমুখে মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছিলেন, তাঁদের একমাত্র সম্বল ভারত সরকারের কাছ থেকে পাওয়া একটি সার্টিফিকেট। কিন্তু অনেক বছর পেরিয়ে গেলেও নিজ মাতৃভূমির কাছ থেকে আমরা কোনো স্বীকৃতি পেলাম না, যা অত্যন্ত দুঃখজনক।
আমরা জানি না, জীবদ্দশায় সেই স্বীকৃতি আর পাব কি না?
সমীর কুমার ঘোষ
চান্দিনা, কুমিল্লা