ইদানীং লক্ষ করা যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক নিয়মনীতির ধার না ধেরে সরকারের নাকের ডগায় বসে দিনের পর দিন সরকারি হাসপাতালের রোগীদের তথ্য সরকারের অনুমতি ছাড়াই বিদেশের বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করে যাচ্ছেন। আর ফলাও করে প্রচার করছেন, তাঁরা বিনা পয়সায় গবেষণা করছেন। অথচ এসব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ সরকার। তাই এসব রোগীর সব তথ্যের একমাত্র মালিক বাংলাদেশ সরকার। বর্তমান বিশ্বে এ বিষয়ে অভিজ্ঞ লোকমাত্রই জানেন, তথ্যের কত মূল্য। একটা দেশের আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে পরিবেশ-পরিস্থিতি সব ক্ষেত্রেই তথ্যবিজ্ঞানের জয়জয়কার। ইন্টারনেটের এই যুগে যখনই কেউ বাংলাদেশের বিশেষ কোনো রোগবালাই বা স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্যের খোঁজখবর করেন, তখনই এসব অনুমোদনহীন তথ্য পাওয়া যাচ্ছে, যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অচিরেই সরকারি হাসপাতালের তথ্য সংরক্ষণ এবং একই সঙ্গে বিনা অনুমতিতে তথ্য ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দাবি করছি।
ডা. মোহাম্মদ মকবুল হোসেইন, ঢাকা।