চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। মানুষের বেঁচে থাকার জন্য চিকিৎসাব্যবস্থার গুরুত্ব অনেক। আমরা জানি, চিকিৎসকের ধর্ম মানুষের প্রাণ বাঁচানো, কিন্তু আজকাল চিকিৎসাব্যবস্থা বাণিজ্যে পরিণত হয়েছে। দেশের অধিকাংশ মানুষই চিকিৎসার নামে গলাকাটা বাণিজ্যের শিকার। সরকারি চিকিৎসকেরা হাসপাতালে সময় কম দিয়ে নিজের চেম্বারে বেশি সময় দেন। আবার অনেকের প্রাইভেট হাসপাতালও আছে।
এসব চিকিৎসক রোগীর চিকিৎসার জন্য তাদের সরকারি হাসপাতালে না পাঠিয়ে নিজের প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেন, যেখানে চিকিৎসার খরচ সরকারি হাসপাতালের তুলনায় কয়েক গুণ বেশি। মধ্যবিত্তরা সেখানে চিকিৎসা করাতে পারে না। অনেক চিকিৎসকই রোগনির্ণয়ের জন্য রোগীদের নিজের পরিচিত ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করার নির্দেশ দেন। সেখানে পরীক্ষা না করালে অনেক চিকিৎসক চিকিৎসা করতেও অসম্মতি জানান। এর কারণ হলো, সেই ডায়াগনস্টিক সেন্টার থেকে লাভের একটা অংশ ওই চিকিৎসক পেয়ে থাকেন।
এই লাভের জন্য সামান্য মাথাব্যথার রোগীকেও সিটিস্ক্যান করানোর ব্যবস্থাপত্র দিতেও পিছপা হন না চিকিৎসক। তঁারা একবারের জন্যও ভাবেন না, এর ব্যয়ভার রোগীর পক্ষে বহন করা সম্ভব কি না। চিকিৎসকের ধর্মই যদি প্রাণ বাঁচানো না হয়ে বাণিজ্য হয়, তাহলে আমাদের সাধারণ মানুষের কী হবে? আমার প্রশ্ন হলো, এ দেশে চিকিৎসাকেন্দ্রগুলো কি রোগীদের নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে? চিকিৎসা বাণিজ্যের শেষ কোথায়?
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।