৩ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ‘চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া প্রকাশ করা হয়। দুঃখজনক হলেও সত্য, এখানে স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ পদ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ দুটির কথা উল্লেখ করেননি। আইনটির দুই নম্বর ধারায় স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির সংজ্ঞায় সংবিধিবদ্ধ সংস্থার অধীনে নিবন্ধিত চিকিৎসক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষণরত নার্স, ছাত্রছাত্রী ও এমনকি চিকিৎসা সহায়তাকারীদের কথা উল্লেখ করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কথা নেই।
এটা একটা পেশার প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। মাত্র ছয় মাস আগে পাস করা প্রথম ব্যাচের মিডওয়াইফের সংজ্ঞা আছে, অথচ ৫০ বছরেরও বেশি পুরোনো পদ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সংজ্ঞা নেই। এটা অনিচ্ছাকৃত ভুল নাকি চরম অবহেলা? মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিষয়টি অস্পষ্ট রেখে এই আইনটি পাস করা হলে এ পেশাটি ব্যাপকভাবে পিছিয়ে পড়বে। দেশের স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হবে। স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির জন্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিকল্প নেই। আশা করি, সরকারের কর্তাব্যক্তিরা এই ব্যাপারটি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ এস শ্রাবণ, বিএমটিপি, চট্টগ্রাম।