চিলমারীর ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো বাহে, আমাদের জাগতে হবে। নিজের তাগিদে নিজে থেকে নিজের জন্য জাগতে আমরা কুড়িগ্রাম জেলাবাসী একদিন বঙ্গবন্ধুর ডাকে যার যা কিছু ছিল তাই নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশমাতাকে শত্রুমুক্ত করেছি। আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বদরবারে পরিচিত।
আমরা এখনো হতভাগ্য মঙ্গার দেশের লোক, রিলিফ-খাওয়া লোক, আমাদের ঘর-বাড়ি, জমি-জিরাত নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের আর্তনাদে নদীভাঙন রোধের আশ্বাস আসে, টাকা আসে। কিন্তু সে টাকা যে কোথায় যায়, সে খবর আমরা জানি না।
আমরা আমাদের জীবন থেকে মঙ্গার তকমা চিরতরে মুছে ফেলতে চাই। আমরা রিলিফ চাই না, আমরা কাজ চাই। আমরা শিল্পকারখানা চাই, ব্যবসাক্ষেত্র চাই, চাই উন্নত যোগাযোগব্যবস্থা। আমরা অলস নই আমরা কাজ করতে জানি। কিন্তু আমার এলাকায় কাজ নেই। কৃষক ফসল আবাদ করেন কিন্তু যোগাযোগের সুব্যবস্থা না থাকায় ন্যায্যমূল্য পান না। মধ্যস্বত্বভোগীরা লুটে নেয়। তাই চিলমারী-সুন্দরগঞ্জ তিস্তা সেতুতে রেলপথ সংযোগের প্রয়োজনীয়তা আমরা মঙ্গাপীড়িত প্রতিটি মানুষ মর্মে মর্মে উপলব্ধি করি। এটা আমাদের প্রাণের দাবি-ন্যায্য দাবি। এ দাবিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
ঐতিহাসিক চিলমারী নদীবন্দরকে তার প্রাণ ফিরিয়ে দিতে চাই। চিলমারী–সুন্দরগঞ্জ তিস্তা সেতুতে রেলপথ সংযোগের মাধ্যমে চিলমারীকে ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
আমরা চাই মানুষ হিসেবে ট্রেনের যাত্রী হতে। যাত্রীর সম্মানটুকু আমরা পেতে চাই।
ফরিদা ইয়াসমিন
চিলমারী, কুড়িগ্রাম।