অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মুখে কুলুপ দিয়ে চুপ থাকলেই যেন মুক্তি। অন্যথায় ‘নাই’ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশাসনযন্ত্র কতটা নড়বড়ে হতে পারে, তা কেবল বাংলাদেশের অবস্থা বিবেচনা করলেই স্পষ্ট হয়ে যাবে। যারা ক্ষমতাসীন দলের সমর্থক, তঁাদের বেলায় সাত খুন মাফ আর স্রোতের বিপরীতে বলা বা মত প্রকাশের স্বাধীনতায় নানান বিধিনিষেধ। অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতায় নুয়ে পড়ার অবস্থা আদালতের। দ্রব্যমূল্য, নিয়োগবাণিজ্য, ভেজাল, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এসব খবর দেখতে দেখতে চোখের জল শুকিয়েছে আমজনতার।
রামায়ণ-মহাভারত শুনে সাধারণের পেট ভরে না। দুই বেলা দুই মুঠো মোটা ভাত খেয়ে শান্তির ঘুম দিলেই সন্তুষ্ট থাকে এ দেশের নিম্নমধ্যবিত্ত মানুষ। কিন্তু প্রতিদিনের নিরাপত্তাহীনতায় এখন সবার নাভিশ্বাস ওঠার জো হয়েছে। সার্বিক অব্যবস্থাপনার এই করুণ চিত্রটি পাল্টে যাবে শিগগিরই—এ আশাবাদ নিয়ে আমাদের প্রহর কাটছে। ‘কর্তৃপক্ষ’ শব্দের ব্যবহার করতে আর সাহস পাই না। চুপ থেকে বেঁচে থাকায় জীবনের সন্ধান পাওয়া যায় না। আমরা একটা সুন্দর জীবন চাই।
শহিদ রাসেল
চট্টগ্রাম।