দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে আমরা সুষ্ঠুভাবে বাঁচার আকুতি জানাই। জয়পুরহাট জেলার চকবরকত ইউনিয়নের আরজী জগদীশপুর একটি সীমান্তবর্তী এলাকা। আরজী জগদীশপুর এলাকাটি জনবহুল এবং শান্তিপূর্ণ এলাকা। বর্তমানে এ এলাকার লোকজন চোরাকারবারিদের উপদ্রবে অতিষ্ঠ। আরজী জগদীশপুরে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, ডাকঘর সবই আছে; নেই শুধু শান্তি।
চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিল, হেরোইন, মদ, বিয়ারসহ উচ্চ অ্যালকোহলীয় মাদকদ্রব্য পাচার করে বাংলাদেশে আনে। তারা আরজী জগদীশপুরসহ পাশের গ্রামগুলোয় দোকান বসিয়েছে। তাদের পাচারকৃত দ্রব্য নেওয়ার জন্য অনেক লোক আসে। শহরের অনেক বখাটে ছেলে এখানে এসে নেশা করে এবং গ্রামবাসীকে বিভিন্নভাবে জ্বালাতন করে। বিশেষ করে মেয়েদের। স্কুল-কলেজগামী মেয়েরা থাকে আতঙ্কে। বখাটেরা মাদক নিয়ে রাস্তাঘাটে কোলাহল বাধায়৷ কয়েক দিন আগে তাদের হাতে জীবন যায় মতিয়ার (৩৮) নামের এক যুবকের। গ্রামের তরুণ ছেলেরা মাদকদ্রব্যের প্রতি বেশি আসক্ত হচ্ছে। লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। চোরাকারবারিরা সব সময় মারামারি ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত থাকে। বর্তমান আরজী জগদীশপুর মাদকদ্রব্যের ‘পৌর মার্কেটে’ পরিণত হয়েছে। এখানে সব ধরনের মাদকদ্রব্য অবাধে কেনাবেচা হচ্ছে।
এই ঈদুল ফিতরকে কেন্দ্র করেও চোরাকারবারিরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মজুত করছে। সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে ধর্মীয় উৎসব ঈদেও সবাইকে ভোগান্তির মধ্যে পড়তে হবে। চকবরকতে অবস্থিত পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলেও কোনো লাভ হয় না। বরং তারা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুদৃষ্টি প্রত্যাশা করছি।
মুহাম্মদ আসাদুল ইসলাম
আরজী জগদীশপুর, চকবরকত, জয়পুরহাট।