চোরের উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো সমস্যায় জীর্ণ ঢাকার ৫২ নম্বর ওয়ার্ড। প্রতিবছরই সমস্যা বাড়ছে, কিন্তু কোথাও সমাধান নেই। বারবার এ এলাকার শব্দদূষণ, বায়ুদূষণ, রাস্তার পানি নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন ছাপা হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার। হাজারো সমস্যার সঙ্গে এখন নতুন করে যোগ হয়েছে চোরের উপদ্রব। এখানে রাতে কেউ শান্তিতে ঘুমাতে পারে না। প্রচণ্ড গরমেও দরজা-জানালা বন্ধ করে ঘুমাতে হয়। তারপরও অভিনব পদ্ধতিতে চোরেরা জানালা খুলে ফেলে। এদের প্রধান উদ্দেশ্য মুঠোফোন চুরি। দেয়ালে ঝোলানো এলইডি টিভি পর্যন্ত অতি সুনিপুণভাবে জানালা দিয়ে বের করে নিয়ে যায়।

লোকমুখে শোনা যায়, প্রশিক্ষণপ্রাপ্ত কিছু চোর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা এতটা দক্ষ যে প্রতিটি বাড়ি থেকেই মুঠোফোন চুরি হয়েছে। এমন কোনো রাত নেই, যে রাতে চুরি হয়নি। আমরা এই এলাকার নিশ্বাসে গ্রহণ করছি বিষ, পানিতে পান করছি বিষ, হাঁটছি ড্রেনের নোংরা পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে। তারপরও দুদণ্ড নিশ্চিন্তে ঘুমানো যেত। এখন সেটাও শেষ। কী অপরাধ আমাদের, প্রশাসন আমাদের ব্যাপারে এতটা নির্বিকার কেন?

শাকিলা নাছরিন

জুরাইন, ঢাকা।