ছাত্র সংসদ নির্বাচন হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, আজকের আমাদের প্রধানমন্ত্রী ইডেন কলেজ ছাত্র থাকা অবস্থায় তিনি ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছেন। তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, রাশেদ খান মেনন, আ স ম আবদুর রবের মতো ব্যক্তিরা একসময় ডাকসুর ভিপি ছিলেন।
নব্বইয়ের স্বৈরাচার গণ-আন্দোলনের সময়ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ কার্যকর ছিল। কিন্তু ১৯৯০ থেকে ২০১৪ সাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা হচ্ছে না, যার কারণে আজকে মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আসছেন না। তাই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে খুন, রাহাজানি, সন্ত্রাসী ও মাস্তানি বৃদ্ধি পাচ্ছে। ১৯৯১ সালের নির্বাচনের পর দেশে আর ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার সাহস বিএনপি সরকার করেনি।
এরপর ১৯৯৬ সালের নির্বাচনের পরও আওয়ামী লীগ সরকার আগের সরকারের অবস্থানে ছিল। ২০০১ সালের নির্বাচনের পর তারাও আগের অবস্থানে ছিল। ২০০৮ সালের নির্বাচনের পরও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র সংসদ নির্বাচন দিতে পারেনি। ছাত্র সংসদ নির্বাচন না হলেও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে জরিপ করলে দেখা যাবে, ঠিকই ছাত্রদের থেকে বছরে লাখ লাখ টাকা ফি আদায় করা হচ্ছে।
তাই শিক্ষামন্ত্রীকে বলব, ৫ জানুয়ারির নির্বাচনের পর আপনারা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেছেন, যা নিয়ে কিছুটা হলেও সংশয় আছে। তাই সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকার ফিরিয়ে দিন এবং ওই সংশয় দূর করুন।
মো. ইলিয়াছ, শিক্ষার্থী
সাউথ সন্দ্বীপ কলেজ, সন্দ্বীপ।