ঢাকায় আমরা যারা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা কি দাবি করতে পারি না, গণপরিবহনে আমাদের হাফ ভাড়ায় যাতায়াত করতে দেওয়া হোক। বাসের হাফ ভাড়ার বিষয়টি বেশ পুরোনো। বাস মালিকেরাও একসময় এটাকে সমর্থন করতেন। ঢাকা শহরে এটি একসময় কার্যকরও ছিল। কিন্তু কষ্টদায়ক হলেও সত্য হলো, বর্তমানে কিছু লোকাল বাস ছাড়া সিটিং সার্ভিসগুলো ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া নিতে চায় না। এমনকি বিআরটিসি বাসও ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও গণপরিবহনে ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয়।
কথা হচ্ছে, এসব বাসে বনানী থেকে গুলশান ১০ টাকা ও মিরপুর থেকে গুলশানের ভাড়া নেওয়া হয় ৩০ টাকা। আমরা যারা প্রতিদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাই, এটা তাদের জন্য সমস্যাজনক। ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার যদি কোনো বিধান না থাকে, তাহলে সেটা করা হোক—এটাই আমাদের দাবি।
এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সাবির খান, শিক্ষার্থী, ঢাকা।