ছাত্রসমাজ ও বঙ্গবন্ধুর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি দ্বাদশ শ্রেণির একজন ছাত্র। বাংলাদেশের রাজনৈতিক ও স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে পাঠ্যবইসহ কয়েকটি বইয়ে পড়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন।
বঙ্গবন্ধু বাংলাদেশের ছাত্রদের নিয়ে উজ্জ্বল সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। তিনি এ দেশের ছাত্রসমাজকে দেশের উন্নয়নের অগ্রগতির প্রতীক হিসেবে চিহ্নিত করেন। কেননা, ছাত্রসমাজ ছাড়া কোনো দেশ শক্তিশালী হয়ে উঠতে পারে না। কিন্তু বর্তমানে বাংলাদেশের অসুস্থ রাজনীতির কারণে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ছে।
ছাত্রদের মূল্যবোধ ও নৈতিকতা যেন কোথায় হারিয়ে গেছে। ছাত্রনামধারী কিছু সন্ত্রাসীর হাতে শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছেন। দিনকে দিন ইভ টিজিংসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কেবল ছাত্ররাজনীতির ভেতরে। যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোতে অবাধে মিছিল, মিটিং ও ছাত্রদের হয়রানি করা হচ্ছে। তারা শিক্ষকদের মর্যাদা ধুলায় মিশিয়ে দিয়ে ক্লাস থেকে ছাত্রদের মিছিলের জন্য বের করে নিয়ে যাচ্ছে। এরাই আজকের সন্ত্রাস এবং ভবিষ্যতের মন্ত্রী বা সম্মানীয় নেতা।
ছাত্ররাজনীতির কারণে আমাদের শিক্ষার্জনের পথ দুর্গম ও কণ্টকাকীর্ণ পথে পরিণত হচ্ছে। আমরা ছাত্ররা কেন রাজনীতি করব? যেখানে আমাদের উদ্দেশ্য উচ্চশিক্ষা অর্জন করে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। আজকে বাংলাদেশের ছাত্ররাজনীতির নবোদ্দীপনাযুক্ত ফল হচ্ছে জঙ্গিপনা। আমাদের অপমানিত, লাঞ্ছিত, পর্যুদস্ত করার জন্য এই গোষ্ঠীকে কোনো না কোনো রাজনৈতিক দল তৈরি করেছে। আমরা কি এ দেশের সন্তান না? আমরা কি দেশের উন্নয়ন করতে পারব না? আমরা ছাত্ররা কি এ দেশের অভিশপ্ত সন্তান? আমাদের কেন আপনারা জঙ্গির কালিমালিপ্ত করলেন? আমরা তো ছাত্র, আপনাদের সন্তান।
মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে অনুরোধ করব শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি বন্ধের জন্য। কেননা, এর মাধ্যমে আমরা প্রতারিত ও বিপদের দিকে ধাবিত হচ্ছি।
মো. সাজিদুর রহমান, ছাত্র।