সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটগুলোর মধ্যে টাঙ্গাইলের বাজিতপুর রোডে অবস্থিত টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট (টিটিআই) অন্যতম। শত বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্স চালু রয়েছে। এখানে ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু কথাটি দুঃখজনক হলেও সত্য যে প্রতিষ্ঠার ১০৫ বছর পেরিয়ে গেলেও আজও এই প্রতিষ্ঠানের ছাত্রাবাস নেই।
ছাত্রাবাস না থাকায় আমাদের আশপাশের মেসগুলোতে উচ্চ ভাড়ায় থাকতে হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কষ্টসাধ্য। শিক্ষার্থীরা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত। ২০১৫ সালে টিটিআই শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বর্তমান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ছাত্রাবাস নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া বস্ত্র দপ্তর থেকে একাধিকবার আশার বাণী এলেও কাজের কাজ যেন কিছুই হচ্ছে না।
এস আর সুজন
টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট।