
পরিবেশ বিজ্ঞানীদের মতে, ঢাকা শহর উত্তপ্ত ভূখণ্ডে পরিণত হচ্ছে, পরিবেশ বিপন্ন হচ্ছে। গাছপালা কেটে ফেলা, জলাশয় ভরাট, যানবাহন ও কংক্রিটের স্থাপনা হু হু করে বেড়ে যাওয়াই এর অন্যতম প্রধান কারণ। সে জন্য ঢাকা মহানগরীর বাসা, ফ্ল্যাট বা ভবনের ছাদে শুধু ফুলের বাগান নয়, ফলের বাগান কার্যক্রমকে বাধ্যতামূলক করা যেতে পারে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন নগরের তাপমাত্রা কমানোর জন্য উদ্যান স্থাপন এবং ভবনের নকশা অনুমোদনের জন্য ছাদে বাগান
স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। জাপানের রাজধানী টোকিওর মেট্রোপলিটন সরকার টোকিও সিটির ভবনগুলোর ছাদে ন্যূনতম ২০% জায়গায় বাগান কার্যক্রমকে ২০০১ সালে আইন পাস করে বাধ্যতামূলক করেছে। এর ফলে টোকিও সিটির গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি ফারেনহাইট কমেছে।
বিজ্ঞ কৃষিবিদদের অনেক মতামতের মধ্যে অন্যতম ছাদগুলোকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার না করে নিজ দেশের পরিবেশ উন্নয়নের জন্য ফলের চাষাবাদ করাই শ্রেয়। এতে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়া সহজতর। এ ছাড়াও নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বাগান কর্মসূচি উৎসাহিত করা উচিত।
মাহবুব উদ্দিন চৌধুরী
ঢাকা।