রাজশাহী জেলার মতিহার থানাধীন কাটাখালী ও হরিয়ান দুটি শিল্পসমৃদ্ধ এবং ঘনবসতিপূর্ণ এলাকা। কাটাখালী থেকে (ঢাকা-রাজশাহী মহাসড়ক) উত্তর দিকে যাওয়ার রোডটি বা রাস্তাটি (প্রায় দুই কি.মি.) হরিয়ান বা সুগার মিল যাওয়ার রাস্তা। এ রাস্তাতেই ঘটে যত সব বিপত্তি। কাটাখালী থেকে কিছু দূর আসার পরে আদর্শ ডিগ্রি কলেজের গেট। এর সামনেই প্রায় প্রতি রাতেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। রাত ১০টার পর থেকেই শুরু হয় ঘটনা। ওই রাস্তা দিয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেলের পথরোধ করে টাকাপয়সা, মোবাইলসহ সর্বস্ব ছিনতাই করে নির্বিঘ্নে রাস্তার পাশের আখের জমির ভেতর চলে যায় দুর্বৃত্তরা। পথচারীরা শারীরিক নির্যাতনের শিকারও হন। অথচ কাটাখালী ফাঁড়ির বা থানার পুলিশ কিছুই করতে পারছে না। তাই অবিলম্বে ছিনতাই রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। উল্লেখ্য, টহল ডিউটি দিলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। ছিনতাই ঠেকাতে না পারলে কাটাখালী নাম হয়ে যাবে পকেটখালী বা ফাড়াখালী।
মো. রায়হান কবির, রাজশাহী।