ছিনতাই রোধে টহল বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ আগস্ট খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের পেছনে টিউশনি শেষে রাতে হলে ফিরছিলাম। টিউশনিতে যাওয়ার প্রথম দিনই আমাকে সতর্ক করা হয়েছিল যে সেখানে ছিনতাইকারীদের দৌরাত্ম্য খুব বেশি। খিদমা হাসপাতালের সামনে পুলিশ চেকপোস্ট পার হতেই একদল ছিনতাইকারী আমাকে আহত করে সব কেড়ে নিল। যথারীতি চিৎকার দেওয়া সত্ত্বেও কেউ এগিয়ে এল না। যদিও ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করার সময় কর্মকর্তারা আন্তরিক ছিলেন, তারপরও পুলিশ চেকপোস্টের পাশে এভাবে ছিনতাই হওয়াটা দুঃখজনক।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় রেললাইনের পাশে বস্তি গড়ে ওঠায় সেখানে অপকর্ম দিন দিন বাড়ছে। প্রতি রাতে অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়ছেন। তাই রাজধানীবাসীর রাতের চলাচল নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোসহ সার্বিক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মীর জুবায়ের হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়।