ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এ শহরে চাকরির সূত্রে বসবাস, অন্য কোথাও যাওয়ার উপায় নেই। আগে হলুদ বা নীল ক্যাব দিয়ে ছিনতাই হতো। এরপর স্কুটার দিয়ে, আর বর্তমানে মোটরসাইকেল দিয়ে। মাইক্রোবাস দিয়েও ছিনতাই চলছে।
ছিনতাইকারীরা একবারও ভাবে না, রিকশায় বসা যাত্রীর ব্যাগ ধরে টান দিলে যাত্রীর কী অবস্থা হবে। প্রায়ই রিকশা থেকে পড়ে যাত্রী মারা যাচ্ছে। হাত-পা ভেঙে যাচ্ছে। এ পর্যন্ত পত্রলেখক তিনবার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কিন্তু সে রিকশা থেকে পড়েনি। ওরা ব্যাগও নিতে পারেনি।
মৌচাক থেকে বাংলামোটরে প্রায়ই মোটরসাইকেলে চড়ে ছিনতাই করছে একটি চক্র। যাঁরা চাকরি করেন, তাঁদের ব্যাগ বহন করতে হয়। ছিনতাইকারীরা মনে করে, এতে ল্যাপটপ আছে। কারণ, এগুলো দেখতে অনেকটা ল্যাপটপের ব্যাগের মতো। ওরা মহা আনন্দে টান দিয়ে নিয়ে যায়।
মোটরসাইকেলের চালকের পেছনে বসা ছিনতাইকারী ব্যাগটি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে যায়। আমাদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। রাস্তায় বেরোলে হয় দুর্ঘটনা, না হয় ছিনতাই। ভালোভাবে বেঁচে আছি কি? জীবন এভাবেই চলছে। শান্তিতে কোথাও যাওয়া যায় না। পুলিশ বাহিনী এই বিষয়ে একটু নজর দিক। রাস্তায় টহল দিক। জনগণের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার?
নাসরীন, মালিবাগ।