আপনি অফিস, আদালত, ব্যবসা কিংবা সাংসারিক কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, সন্তানকে পর্যাপ্ত সময় দিন। সময় করে সন্তানের সঙ্গে গল্প–গুজব করুন। একসঙ্গে খাবার খান, টিভি দেখুন। মাঝেমধ্যে তাদের নিয়ে বাইরে বেড়াতে যান। দেখবেন, আপনার প্রতি সন্তানের অহেতুক ভয় দূর হয়ে গেছে। তখন সন্তান হবে সৃজনশীল।
আপনার আদরের সন্তানটি কাজে বারবার ভুল করছে, আপনার কথা শুনছে না—দোহাই সহজে রেগে কিছু বলবেন না। তাহলে পরবর্তীকালে ভয়ে সে প্রায়ই আপনার সঙ্গে মিথ্যা কথা বলবে। সন্তানের সঙ্গে সব সময় কথাবার্তা সহজ স্বাভাবিক রাখুন। সন্তানের ভালো-মন্দ সব কাজ ইতিবাচকভাবে গ্রহণ করুন। আর যে কাজ করতে আপনার সন্তান অস্বস্তিবোধ করে, তাকে দিয়ে সে কাজ করাবেন না। জোর করে কিছু করালে সন্তান অবাধ্য হয়ে যায়। অবাধ্য সন্তানই একদিন জঙ্গি হয়ে উঠতে পারে, যদিও শুধু এ কারণেই যে মানুষ জঙ্গি হয়, তা নয়। সন্তানের ভবিষ্যৎ গঠনে মা–বাবার ভূমিকা অনস্বীকার্য। এটা শুধু টাকা দিয়ে হয় না, এই কথাটা আমরা যেন ভুলে না যাই।
মনসুর মোহাম্মদ, ঢাকা।