আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী ১৩তম শিক্ষক নিবন্ধনের কম্পিউটার সায়েন্সের প্রভাষক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১ মার্চ মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছি। ভাইভা বোর্ডে আমাদের বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। আমরা চার বছরের অনার্স কোর্সে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি। আমাদের চার বছরের অনার্স কোর্সের সঙ্গে কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্সের সিলেবাসের প্রভূত মিল রয়েছে। আমাদের কম্পিউটারের তথাকথিত ছয় মাসের সার্টিফিকেট নেই, কিন্তু আমাদের বিষয়ের মূল প্রতিপাদ্য কম্পিউটার। আমাদের বিভাগের অনেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন। আমরা চাই, কলেজের কম্পিউটার সায়েন্সের প্রভাষক পদেও আমাদের সুযোগ দেওয়া হোক। তা না হলে আমরা এক অনর্থক জটিলতার মধ্যে পড়ব।
বোরহান উদ্দীন
রাজশাহী বিশ্ববিদ্যালয়।