জবাব চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের মানুষের জীবনের মূল্যবোধ হয় সবচেয়ে কম। একের পর এক দুর্ঘটনায় মৃত্যু, মালিকপক্ষের খামখেয়ালি, নিরীহ শ্রমিকদের করুণ মৃত্যু, জঙ্গি তৎপরতায় মৃত্যু, আত্মহত্যা কিংবা পারিবারিক কলহে নানা ধরনের অপমৃত্যু যেন আমাদের নিত্যসঙ্গী। তবে প্রবাসে যেভাবে বাংলাদেশিরা খুন হচ্ছে, তা আমাদের উদ্বিগ্ন করছে। উল্লেখ্য, আমাদের দেশে যখন কোনো বিদেশি আততায়ীর হাতে মারা যান, তখন আমাদের সরকারকে বিদেশি রাষ্ট্রের জবাবদিহির মুখে পড়তে হয়। প্রশাসন নড়েচড়ে বসে হত্যাকারীদের ধরার জন্য।

সম্প্রতি খোদ যুক্তরাষ্ট্রে একের পর এক বাংলাদেশি নিরীহ মানুষকে আততায়ীর হাতে অপমৃত্যুতে আমরা শঙ্কিত। যুক্তরাষ্ট্রের মতো উন্নত ও নিরাপদ দেশে খুনিরা বিনা অপরাধে সাধারণ বাংলাদেশিদের প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডগুলো সম্পর্কে আমেরিকার প্রশাসন একবার বলছে ‘হেইট ক্রাইম’ আবার কখনো বলছে ‘ডাকাতি’।

এখন আমরা চাই আমাদের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে তাদের কাছে জবাবদিহি চাইতে হবে। যঁাদের রেমিট্যান্সে আমাদের রিজার্ভ স্ফীত হয়, তাঁদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।

মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।