বর্তমান শিক্ষাব্যবস্থায় আমাদের সন্তানেরা যেন দিন দিন জিম্মি হয়ে পড়ছে অসাধু শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ের মর্জির ওপর।
এ বছরের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে, ক্লাসে ৭০ শতাংশ উপস্থিত থাকার পর যদি কোনো শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়, তা-ও সে বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সে ক্ষেত্রে ছাত্ররা যে বিষয়ে অকৃতকার্য হবে, সে বিষয়ের শিক্ষককে জবাবদিহি করতে হবে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আরেকটি পরিপত্র জারি করে আগের পরিপত্র বাতিল করেছে। আমরা যেমন চাই না ফেল করেও একজন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হোক, আবার এটাও চাই না যে একজন অসাধু শিক্ষকের কারণে কোনো শিক্ষার্থী অহেতুক সমস্যায় পড়ুক। একজন শিক্ষার্থী যদি অকৃতকার্য হয়, তবে তার দায়িত্ব শিক্ষকের ওপরও বর্তায়। আবার অভিভাবকেরাও সে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
শিক্ষা মন্ত্রণালয় মাঝে মাঝে এ রকম বিপরীতধর্মী পরিপত্র জারি কেন করে? আর আমাদের শিক্ষকদের অনেকেই এখন যেন ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। তাঁদের কাছে না পড়লে স্কুলের পরীক্ষায় শিক্ষার্থীদের তাঁরা ফেল পর্যন্ত করিয়ে দেন। আমরা এর প্রতিকার চাই, শিক্ষকদের জবাবদিহি চাই।
ধানমন্ডি, ঢাকা।