জয়তু নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে ‘অর্থনীতিতে নারীদের অবদান নিরূপণ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক একটি গবেষণার ওপর সংলাপের আয়োজন করে। 
এই সংলাপে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক গবেষণার ফলাফলে দেখা যায়, নারী ঘরে করেন এমন কাজের আর্থিক মূল্য গত অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭৬.৮ শতাংশের সমান। টাকার অঙ্কে তা ১০ লাখ ৩৭ হাজার ৫০৬ কোটি টাকা। মজুরি দেওয়া হয় না বা স্বীকৃতি নেই গৃহস্থালির এমন কাজের অন্যতম হলো রান্না, বাড়িঘর পরিষ্কার, পরিবারের সদস্যদের পরিচর্যা-সহায়তা ইত্যাদি। এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে এই গবেষণা চালানো হয়।
ধন্যবাদ বিবিএস এবং সিপিডিকে, এমন একটি গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত বিষয় নিয়ে গবেষণা করার জন্য। এই গবেষণার ফলাফল প্রকাশিত হওয়ার পর রাতারাতি পুরুষেরা নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি দেবে এমন আশা করা না গেলেও, নারীরা যে সবার অজান্তে কত গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটির গুরুত্ব অন্তত সবার সামনে উঠে এসেছে।
একজন নারী সংসারের কত কাজ করেন তার একটি হিসাব দেওয়া যেতে পারে শহরের নারীদের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের জন্য নাশতা বানানো, বাচ্চাকে স্কুল-কোচিংয়ে আনা-নেওয়া করা, বাজার করা, ঘর পরিষ্কার, রান্না করা, পরিবারের অন্য সদস্যদের দেখভাল করা, সন্তানের লেখাপড়া দেখা, সামাজিকতাসহ অনেক কাজ করেন নারী একাই।
গ্রামের নারীদের ক্ষেত্রে সংসারের এসব কাজের বাইরেও ধান সেদ্ধ করা, শুকানো, ঢেঁকিতে ধান বানা, বীজ সংরক্ষণ, বীজ বোনাসহ কৃষির প্রতিটি পর্যায়ে নারী কাজ করেন পরম মমতায়।
এভাবেই নারী স্বামী-সন্তান-সংসার সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যান নিঃশব্দে। জয়তু নারী।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।