জলবায়ু পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এমনিতেই উত্তরাঞ্চল খরা ও অনাবৃষ্টিপ্রবণ এলাকা। এই অঞ্চলের বড় বড় গাছ আগেই নিধন করা হয়েছে। এ ছাড়া বেড়ে ওঠা গাছগুলো অবাধে নিধন করা হচ্ছে। ফসলি জমিতে কীটনাশকের অবাধ ব্যবহার, অপরিকল্পিত আবাসন তৈরি, ডোবা-নালা, জলাশয় ভরাট, আধুনিক জীবনযাত্রায় সিএফসির মাত্রা বৃদ্ধি, নদী ভরাট, নদীর গতিপথ বন্ধ করে দেওয়ায় এই অঞ্চলে জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে। অন্যদিকে, এই অঞ্চলে পানিখেকো ইউক্যালিপটাসগাছের অবাধ রোপণের ফলে তা জলবায়ুতে বিরূপ প্রভাব ফেলছে। তা ছাড়া এই অঞ্চলে যত্রতত্র ইটের ভাটা গড়ে ওঠায় এর কালো ধোঁয়া আম, কাঁঠাল, লিচু, সুপারি ও নারকেলগাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলের মৌসুমে গাছের ফল অকালে ঝরে যায়, গাছও মরে যায়। মহাসড়ক ও আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কারণে সড়কের দুই ধারে বড় বড় কাঠের গাছ কেটে ফেলা হয়েছে। পরবর্তীকালে সড়কের দুই ধারে গাছের চারা রোপণ করা হলেও সেগুলো তেমন বেড়ে ওঠেনি। এই অঞ্চলের মানুষের বাড়িতে দু-চারটি বড় গাছ দেখা গেলেও সেগুলো প্রয়োজনমাফিক কেটে ফেলা হচ্ছে। বড় গাছ বাতাসের সাহায্যে আকাশে মেঘ তৈরি ও বৃষ্টি হতে সহায়তা করে। অথচ এই অঞ্চলে এখন আর আগের মতো বড় বড় গাছ দেখা যায় না। তাই এ অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা করে শীতল রাখতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মো. মকবুল হোসেন, রংপুর।