জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণখান ইউনিয়নের হাজিক্যাম্প থেকে আশকোনা পানির পাম্প এলাকা পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। একদিকে যেমন রাস্তাটির পিচ উঠে গিয়ে খোয়া ও মাটি বেরিয়ে পড়াসহ নানা গর্তের সৃষ্টি হয়েছে, অন্যদিকে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অল্প বৃষ্টি হলেই প্রতিনিয়ত রাস্তাটি তলিয়ে যায়। সপ্তাহজুড়েও পানি নিষ্কাশিত হয় না। প্রতিদিন হাঁটুপানি পেরিয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ, চলাচল করে রিকশা, ভ্যান, গাড়িসহ অন্যান্য যানবাহন। রাস্তার পাশে পানিনিষ্কাশনের ড্রেন থাকলেও তা অকেজো ও ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। নিয়মিত ড্রেন পরিষ্কার না করার কারণেই আটকে যায় রাস্তার সব পানি। রাস্তাও তলিয়ে যায়। দুর্ভোগ নিয়ে জনগণ যাতায়াত করে। অথচ কর্তৃপক্ষের টনক নড়ে না।

দক্ষিণখান ইউনিয়ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হবে এমন কথা শোনা গেলেও এখনো তার বাস্তবায়ন দেখা যায়নি। এলাকার রাস্তাঘাটের অবনতিতে এলাকাবাসী হতাশাগ্রস্ত। আমরা এর প্রতিকার চাই।

মোহাম্মদ অংকন, ঢাকা।