জাতীয় পরিচিতি বিবরণী
গত দুই বছরে ভোটার হিসেবে তালিকাভুক্ত নাগরিকদের জন্য অনলাইনে সাময়িক এনআইডি হিসেবে ব্যবহারের জন্য ‘জাতীয় পরিচিতি বিবরণী’ সেবা চালু করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এই এনআইডি পরিচিতি হিসেবে কেউ ব্যবহার করতে পারছে না। এই এনআইডি দিয়ে সিম উত্তোলন, নিবন্ধন করতে গেলে এটার বৈধতা নেই বা এটা চলবে না বলা হচ্ছে। শুধু সিম উত্তোলন, নিবন্ধন বা কিনতে গেলেই ফেরত আসতে হচ্ছে তা নয়, এটা দিয়ে বিকাশ হিসাব পর্যন্ত খোলা যাচ্ছে না।
তাহলে দেখা যাচ্ছে যে এটা জাতীয় পরিচিতি বিবরণী নামেই সীমাবদ্ধ থাকছে, এটা কোনো কাজে আসছে না। অথচ ইসির এনআইডি উইং মহাপরিচালক জানান, স্থায়ী এনআইডি কার্ড হাতে না পাওয়া পর্যন্ত নতুন ভোটারদের ভোগান্তি লাঘবে ইসি এ উদ্যোগ গ্রহণ করেছে। এটার প্রিন্ট ভার্সন বিবরণী দিয়েই ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট সংগ্রহসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ভোগ করা যাবে। কিন্তু এই ধরনের সেবা আমরা পাচ্ছি না।
তাই নির্বাচন কমিশনের উচিত হবে, এই জাতীয় পরিচিতি বিবরণী দিয়ে কী কী সেবা পাওয়া যাবে, সে বিষয়ক একটা প্রজ্ঞাপন জারি করে সব দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা। আর সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পরিপত্র দিয়ে জানানো উচিত, এটা দেখালে সব ধরনের সেবা প্রদান করতে হবে।
মো. রজ্জব আলী
গেন্ডারিয়া, ঢাকা।