জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এর অবস্থা খুবই নাজুক। কাগজে-কলমে অনার্স কোর্স চার বছরে সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা ছয় বছর থেকে সাড়ে ছয় বছরে সম্পন্ন হয়। ১২ মাসের পরিবর্তে প্রায় ১৮ মাসে একটি বর্ষের পরীক্ষা সম্পন্ন হয়। শুধু তা-ই নয়, ছয় থেকে আট মাসে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এমনকি ১০ মাসে ফলাফল ঘোষণার নজির আছে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায়, তারা চার বছরের কোর্স যথাসময়ে সম্পন্ন করে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যেখানে পাঁচ বছরে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে চাকরি করছেন অথবা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আমরা সেখানে অনার্সে অধ্যয়নরত।
অনার্স শেষ করে চাকরির বয়স থাকছে না। এ কারণে আমরা শুধু চাকরি নয়, পড়ালেখায়ও পিছিয়ে পড়ছি। দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রায় আট মাস হলো অনার্স ফাইনাল পরীক্ষা হয়েছে, প্রায় তিন মাস হলো ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো মাস্টার্সে ভর্তির কোনো নোটিশ দেওয়া হয়নি।
এর পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ নেই। মনে হয়, এই বিশ্ববিদ্যালয়ে কোনো মন্ত্রীদের সন্তানেরা পড়াশোনা করেন না; নাকি এটা প্রতিটি সরকারের একটা পলিসি। অর্থাৎ, শিক্ষার্থীরা তাঁদের গ্র্যাজুয়েশন সঠিক সময়ে সম্পন্ন করলে তাঁদের চাকরি দিতে হবে, এই ভয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে এমন ব্যবস্থা নিয়েছে।
আমাদের দাবি, চার বছরের অনার্স কোর্স যথাসময়ে ও ফলাফল দুই মাসের মধ্যে ঘোষণা করতে হবে। প্রয়োজনে বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষাব্যবস্থা পরিচালনা করতে হবে। আশা করি, প্রতিবেদনটি পড়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বিশেষ বিবেচনাসহ এর আশু সমস্যার সমাধান করবেন।

সুজন নন্দী, নড়াইল।