জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা এবার মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সময়সূচি প্রকাশ করা হয়নি। উল্টো নতুন করে ফরম পূরণের সময়সূচি দেওয়া হয়েছে।
যেখানে অন্যান্য বর্ষের পরীক্ষা এক বছর না পেরোতেই নেওয়া হচ্ছে, সেখানে আমাদের কেন এত দেরি করানো হচ্ছে, তা বুঝতে পারছি না। এই পরীক্ষা যদি দেরিতে অনুষ্ঠিত হয়, তাহলে আমরা যারা ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, তাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হবে না অথবা অংশগ্রহণ করতে পারলেও পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হবে না।
উল্লেখ্য, ২০১১-১২ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষাও ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার সঙ্গে অনুষ্ঠিত হয়। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পরীক্ষা পরিবর্তন করেছিল, কিন্তু এতে কোনো উপকারই পাওয়া যায়নি।
এবারও আশঙ্কা করা হচ্ছে, বিসিএস লিখিত পরীক্ষার সঙ্গে মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমনিতেই বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তার মধ্যে যদি এই সুযোগ না পাওয়া যায়, তাহলে আমাদের পক্ষে ভালো ফল করা কঠিন।
শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তো আমরা এটুকু বিবেচনা প্রত্যাশা করতে পারি। সেটা যদি আমরা না পাই, তাহলে ধরে নিতে হবে যে রাষ্ট্র আমাদের সঙ্গে বৈষম্য করছে।
সাফায়েত উদ্দিন
ঢাকা কলেজ।