জাতীয় বেতন স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামো পর্যালোচনাপূর্বক দেখা যায়, প্রস্তাবিত বেতন স্কেলে ওপরের এবং নিচের শ্রেণির মধ্যে অনেক ব্যবধান রাখা হয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারী টাইম স্কেল/সিলেকশন গ্রেড বাতিল করা হলে ব্যবধান আরও বাড়বে। এ প্রসঙ্গে উল্লেখ্য, ১৯ ও ২০ নম্বর গ্রেডে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শুধু মন্ত্রণালয়ে কর্মরত কর্মচারীরাই সিলেকশন গ্রেডের সুবিধা লাভ করছেন। এতে মন্ত্রণালয়ের বাইরে অফিসের উক্ত শ্রেণির কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারীরা অধিকাংশ অফিসেই ‘ব্লকপোস্ট’ হিসেবে চাকরি করেন। সে ক্ষেত্রে উক্ত শ্রেণির কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান মানবিক বিষয়। যা না হলে পরবর্তী কর্মচারীদের মনে অসন্তোষ দানা বাঁধতে পারে। এমনকি দাবি আদায়ের লক্ষ্যে তা আন্দোলনের রূপও নিতে পারে। পাকিস্তান আমলে একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির ঊর্ধ্বে ছিল না। এখন তৃতীয় শ্রেণির প্রথম ধাপের একজন কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি।
পক্ষান্তরে বর্তমানে একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম/এসএসসি। ফলে তারা এখন যথেষ্ট সচেতন। তাদের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ করা হলে তারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারে।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হেলাল উদ্দিন
গাজীপুর সদর, গাজীপুর।