জাতীয় সঞ্চয় ব্যুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনকল্যাণ ও জনস্বার্থবান্ধব বিবেচনায় নারী ও ষাটোর্ধ্ব পুরুষ নাগরিকদের জন্য সরকারি বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র স্কিমে বিনিয়োগের সুবিধা চালু আছে। এসব সঞ্চয়পত্র কেনা, ভাঙানো, মুনাফা উত্তোলন ইত্যাদি কাজ বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং বাংলাদেশ ডাকঘরের নির্ধারিত শাখাগুলোর মাধ্যমে পরিচালিত হয়। সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা হাতে গোনা মাত্র কয়েকটি। ডাকঘরের শাখাও সীমিত বিধায় সরকারি সঞ্চয়পত্রসংক্রান্ত কাজে একজন গ্রাহককে মূলত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখাগুলোর ওপর নির্ভর করতে হয়। অথচ এ কাজে তাদের শাখাগুলোর চরম অদক্ষতা, অব্যবস্থাপনা ও খামখেয়ালির কারণে  গ্রাহকদের প্রায়ই দুর্ভোগ ও বিড়ম্বনা সইতে হয়। বর্তমানে দেশে সরকারি প্রায় সব প্রতিষ্ঠানে কাজের গতি বৃদ্ধির জন্য কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের ব্যাপক প্রচলন থাকলেও জাতীয় সঞ্চয় ব্যুরোগুলোর শাখায় এখনো মান্ধাতা আমলের মতো হাতে লিখে ফাইল/রেজিস্টার খাতার মাধ্যমে গ্রাহকসেবার কাজ সম্পন্ন করা হয়ে থাকে। এমতাবস্থায় জাতীয় সঞ্চয় ব্যুরো শাখাগুলোতে অবিলম্বে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ কর্মচারীদের সেবার মান ও দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের বাস্তব পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শহীদুল আযম, মিরপুর, ঢাকা।