মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের জানুয়ারি মাসে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন, যা একটি অনুসরণীয় ভালো সিদ্ধান্ত। আবার ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে তিন ধাপে (‘ক’, ‘খ’, ‘গ’) ভাগ করে জাতীয়করণের কার্যাদি শুরু করে সংশ্লিষ্ট দপ্তর। ইতিমধ্যে ‘ক’ ধাপভুক্ত (এমপিওভুক্ত) শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতাসহ বিদ্যালয়গুলোর জাতীয়করণের সব কাজ সম্পন্ন হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় ‘খ’ ও ‘গ’ ধাপভুক্ত বিদ্যালয়গুলোর জাতীয়করণের কাজ রহস্যজনক কারণে দীর্ঘসূত্রতার জালে আটকে গেছে। আবার বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের যোগ্যতা নিয়ে কর্তৃপক্ষ একেকবার একেক ধরনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে। বেশির ভাগ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা বাড়ি বাড়ি ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করে বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত করেছেন। তাই এসব বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের সঙ্গে সরাসরি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগবিধি এক করে দেখলে সঠিক বিচার করা হবে বলে মনে হয় না।
তাই এই ক্ষেত্রে প্রস্তাব হলো—১. প্রধান শিক্ষক/শিক্ষিকাদের নিয়োগ যোগ্যতা ন্যূনতম স্নাতক/সমমান করা; ২. সহকারী পুরুষ শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি/সমমান ও নারীদের ক্ষেত্রে এসএসসি/সমমানের যোগ্যতায় নিয়োগ দিয়ে পরবর্তীকালে সময় দিয়ে পুরুষদের স্নাতক/ সমমান এবং নারীদের এইচএসসি/সমমানের যোগ্যতা অর্জন করিয়ে নেওয়া।
আশা করি, সরকার আমাদের এই প্রস্তাবগুলো বিবেচনা করবে।
মোশাররফ হোসেন
জামালপুর।